ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করার অনুরোধ জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই চিঠির জবাবে শি জিনপিং জানিয়েছেন, বেইজিং তেহরানকে কোনো অস্ত্র দিচ্ছে না।
আজ বুধবার (১৫ এপ্রিল) ফক্স বিজনেস নেটওয়ার্কের এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই তথ্য প্রকাশ করেছেন।
মঙ্গলবার রেকর্ড করা এই সাক্ষাৎকারে ট্রাম্প অবশ্য বিস্তারিত জানাননি যে ঠিক কবে এই চিঠিগুলো বিনিময় করা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, কোনো দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ফক্স বিজনেসকে ট্রাম্প বলেন, 'আমি তাকে (শি জিনপিং) একটি চিঠি লিখে অনুরোধ করেছি যেন তিনি তা (অস্ত্র সরবরাহ) না করেন। এর জবাবে তিনি আমাকে একটি চিঠি লিখে জানিয়েছেন যে, মূলত তিনি তেমনটি করছেন না।'
এছাড়া ইরানের যুদ্ধ পরিস্থিতি এবং ভেনিজুয়েলার পরিবর্তনের প্রেক্ষাপটে বিশ্ব তেলের বাজারে যে অস্থিরতা চলছে, তা আগামী মাসে শি জিনপিংয়ের সঙ্গে তার নির্ধারিত বৈঠকের ওপর কোনো প্রভাব ফেলবে না বলেও জানান ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, 'তিনি এমন একজন মানুষ যার তেলের প্রয়োজন রয়েছে। আমাদের নেই।'
আমেরিকার অভ্যন্তরীণ তেলের মজুদ ও উৎপাদনের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে, বিশ্ব বাজারের তেলের রাজনীতি চীনের ওপর প্রভাব ফেললেও যুক্তরাষ্ট্রের জন্য তা উদ্বেগের কারণ নয়।
