আমেরিকার তরুণদের কাছে ‘অপ্রিয়’ হয়ে উঠছে ইসরায়েল
যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের কাছে ক্রমেই অপছন্দের হয়ে উঠেছে ইসরায়েল। ডেমোক্র্যাটরা তো বটেই, এমনকি ইসরায়েলের সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান ও ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের (রক্ষণশীল ধারা) নতুন প্রজন্মও মুখ ফিরিয়ে নিচ্ছে দেশটি থেকে। পিউ রিসার্চ সেন্টারের নতুন এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
বিশ্লেষকেরা বলছেন, এখনই নীতি না বদলালে আগামী দিনে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের কোনো রাজনৈতিক ভিত্তিই আর অবশিষ্ট থাকবে না। মার্চের শেষের দিকে পরিচালিত পিউ রিসার্চের এই জরিপে দেখা যায়, ১৮ থেকে ২৯ বছর বয়সী মার্কিন তরুণদের ৭৫ শতাংশই ইসরায়েলকে নেতিবাচক চোখে দেখেন।
ডেমোক্র্যাট সমর্থক তরুণদের ৮৫ শতাংশই ইসরায়েলের বিপক্ষে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে রিপাবলিকান শিবির থেকে। ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু মনে করা হয়। অথচ এই দলেরও ৬৪ শতাংশ তরুণ ইসরায়েলকে পছন্দ করেন না।
বলা হয়, ইহুদিদের বাইরে শ্বেতাঙ্গ ইভানজেলিক্যাল খ্রিষ্টানরা ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে করা বিশ্লেষণে দেখা যায়, এই গোষ্ঠীর পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা (৭৭ শতাংশ) ইসরায়েলকে একচেটিয়া সমর্থন করলেও, তরুণেরা হাঁটছেন উল্টো পথে। ৫০ বছরের কম বয়সী ইভানজেলিক্যালদের অর্ধেকই এখন ইসরায়েলের বিপক্ষে।
একই পরিস্থিতি অন্যান্য ধারাতেও। ক্যাথলিক, ইভানজেলিক্যাল ব্যতীত শ্বেতাঙ্গ প্রোটেস্ট্যান্ট বা কোনো ধর্মের সঙ্গেই যুক্ত নন—এমন তরুণদের বিশাল একটি অংশ (৭০ থেকে ৮০ শতাংশ) ইসরায়েলকে নেতিবাচক চোখে দেখছেন।
শুধু খ্রিস্টানরা নন, খোদ মার্কিন ইহুদিদের মধ্যেও বাড়ছে ক্ষোভ। দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সমর্থন জুগিয়ে আসা মার্কিন ইহুদি সংগঠনগুলো ধীরে ধীরে তাদের রাজনৈতিক প্রভাব হারাচ্ছে। ইসরায়েল সরকারের বর্তমান চরমপন্থী নীতির কারণে সাধারণ ইহুদিরা, বিশেষ করে তরুণেরা ক্রমেই হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছেন।
এই পুরো পরিস্থিতি ইসরায়েলের জন্য এক বড় অশনিসংকেত। বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সাধারণ তরুণ প্রজন্মের মধ্যে এমন কোনো গোষ্ঠী অবশিষ্ট নেই, যারা ইসরায়েলকে ইতিবাচক চোখে দেখে। প্রবীণদের মধ্যেও ইসরায়েল নিয়ে নেতিবাচক ধারণা পোক্ত হচ্ছে। এই ধারা চলতে থাকলে ডেমোক্র্যাট বা রিপাবলিকান—উভয় দলেই ইসরায়েলের সমর্থন তলানিতে গিয়ে ঠেকবে।
