ইরানি সীমান্তে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ যুক্তরাষ্ট্র: দাবি ইরানি মিডিয়ার
ইরানের সীমানার ভেতরে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভিযান ব্যর্থ হয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে ইরানের গণমাধ্যম 'তাসনিম নিউজ এজেন্সি' এই খবর নিশ্চিত করেছে।
শুক্রবার (৩ এপ্রিল) পশ্চিম ইরানের কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশের স্থানীয় সূত্রের বরাতে তাসনিম জানায়, ইরানের সশস্ত্র বাহিনীর হাতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে এদিন ভোর থেকেই তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। এই অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হলেও এখন পর্যন্ত তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
সূত্রগুলো আরও দাবি করেছে যে, এই ঘটনার ফলে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই মর্যাদাহানি এড়াতে যুক্তরাষ্ট্র আগামী কয়েক ঘণ্টার মধ্যে অন্য কোনো ব্যক্তিকে 'উদ্ধারকৃত পাইলট' হিসেবে বিশ্ববাসীর সামনে হাজির করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হামলায় অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটি ধ্বংস হওয়ার পর পাইলট ইজেক্ট করেন এবং প্যারাসুটযোগে ইরানি ভূখণ্ডের ভেতরে অবতরণ করেন।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের নতুন ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মধ্য-ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের ল্যাকেনহেথ স্কোয়াড্রনের দ্বিতীয় একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, অনুপ্রবেশকারী এই যুদ্ধবিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।
ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতে চালানো যুক্তরাষ্ট্রের এই হামলায় উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানির পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। তারা দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলি অবস্থান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
