আরবে শুক্রবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা
রমজান মাস শেষের বার্তা নিয়ে আসা বাঁকা চাঁদ আজ মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে সংযুক্ত আরব আমিরাতের আকাশে দেখা গেছে।
গালফ নিউজের তথ্যমতে, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্য তামিম আল তামিম রমজানের ২৮তম দিনে (১৪৪৭ হিজরি) আরব আমিরাতের দিগন্তে ভোর প্রায় ৬টার দিকে এই চাঁদটি ক্যামেরাবন্দি করেন।
জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা অনুযায়ী, এ বছর রমজান মাস পূর্ণ ৩০ দিনের হতে যাচ্ছে এবং এর ফলে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, 'আগামীকাল (১৮ মার্চ) চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই, ফলে তার পরের দিন নতুন চান্দ্র মাস শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।'
