ইরানের ড্রোন হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের মিত্রদের সহায়তার প্রস্তাব জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে সহায়তা দিতে তার দেশ বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা করছে। এ বিষয়ে ইউক্রেন বর্তমানে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করছে।
জেলেনস্কি বলেন, এ বিষয়ে তিনি গতকাল (৪ মার্চ) সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের সঙ্গে এবং আজ (৫ মার্চ) জর্ডান ও বাহরাইনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে নিজ দেশের মন্ত্রী ও সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি নির্দেশ দিয়েছেন, যেন ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল না করে মিত্রদের সহায়তা করার উপায়গুলো খুঁজে বের করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, 'জীবন বাঁচাতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে ইউক্রেন সহায়তা করতে পারে।'
তিনি আরও লিখেছেন, 'এই ধরনের হামলা মোকাবিলায় আমাদের সামরিক বাহিনীর প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে। ইউক্রেনীয় বিশেষজ্ঞরা সরাসরি সেখানে (মধ্যপ্রাচ্যে) কাজ করবেন এবং এ নিয়ে বিভিন্ন দল ইতোমধ্যে সমন্বয় শুরু করেছে। আমরা সাধারণ মানুষের জীবন রক্ষা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং ওই অঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল রাখা ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যে কোনো প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত।'
