Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
নেতানিয়াহুর কার্যালয় ও বিমান বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক

আল জাজিরা; বিবিসি; সিএনএন; রয়টার্স
02 March, 2026, 08:15 pm
Last modified: 02 March, 2026, 11:18 pm

Related News

  • বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি 
  • ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না, পারমাণবিক অস্ত্র অর্জনেরও ইচ্ছা নেই: পেজেশকিয়ান
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হিসাব ভুল ছিল, দেশে এখন ‘অভূতপূর্ব ঐক্য’: মোজতবা খামেনি
  • মার্কিন যুদ্ধবিমান নামার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা: প্রেসিডেন্ট দিসানায়েকে

নেতানিয়াহুর কার্যালয় ও বিমান বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আল জাজিরা; বিবিসি; সিএনএন; রয়টার্স
02 March, 2026, 08:15 pm
Last modified: 02 March, 2026, 11:18 pm

জেরুজালেমের আকাশে ইরানের মিসাইল। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন, ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ৯ জন। যুদ্ধের দামামায় অনিশ্চয়তায় ডুবে যাচ্ছে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল। তেহরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখায় ধীরে ধীরে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধ।


অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান রাশিয়া ও আমিরাতের

ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সোমবার (২ মার্চ) এক টেলিফোন সংলাপে দুই নেতা এই আহ্বান জানান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই রাষ্ট্রপ্রধান মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে 'মর্মান্তিক' হিসেবে অভিহিত করেছেন এবং এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

উভয় পক্ষই সংকট সমাধানে সামরিক পথ পরিহার করে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টায় ফিরে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: জেনারেল ড্যান কেইন

আঞ্চলিক সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানে চলমান সামরিক অভিযানকে শক্তিশালী করতে মধ্যপ্রাচ্যে আরও অতিরিক্ত সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই তথ্য নিশ্চিত করেছেন।


ইরানে ভবিষ্যতে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি হেগসেথ

ইরানে বর্তমানে কোনো মার্কিন সেনা সদস্য নেই বলে পুনরায় নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে ভবিষ্যতে সেখানে স্থলবাহিনী মোতায়েন করা হবে কি না—সেই সম্ভাবনাও তিনি সরাসরি নাকচ করে দেননি।

হেগসেথ জানান, মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততটুকু পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তবে একই সঙ্গে তিনি এও বলেন যে, যুক্তরাষ্ট্র কোনো 'বোকামিপূর্ণ' কাজ করবে না।

সম্ভাব্য সামরিক বিকল্পগুলো জনসমক্ষে বিস্তারিতভাবে বলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে হেগসেথ বলেন, 'নিজেদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা প্রতিপক্ষকে আগেভাগেই জানিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না।'


'যে কোনো মূল্যে নিজেদের এবং ছয় হাজার বছরের সভ্যতাকে রক্ষা করব': আলী লারিজানি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের তৃতীয় দিনে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যেকোনো মূল্যে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান।

আজ এক বার্তায় তিনি বলেন, ইরান তার জাতীয় নিরাপত্তা ও ঐতিহ্য রক্ষায় কোনো আপস করবে না।


নেতানিয়াহুর কার্যালয় ও বিমান বাহিনীর সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিশেষ সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে বাহিনীটি এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের সংবাদ সংস্থা 'ফার্স নিউজ' রেভোলিউশনারি গার্ডসের বিবৃতিটি প্রকাশ করেছে।

সেখানে বলা হয়েছে, 'জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওই শাসনের বিমান বাহিনী কমান্ডারের সদর দপ্তরকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।'

বিবৃতিতে আরও জানানো হয়, এই অভিযানে ইরানের তৈরি শক্তিশালী 'খাইবার' ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।


ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হলেন জেনারেল মাজিদ ইবনেলরেজা

ইসরায়েলি ও মার্কিন হামলায় পূর্বের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাজিরজাদেহ নিহত হওয়ার পর রেভোলিউশনারি গার্ডসের জেনারেল মাজিদ ইবনেলরেজাকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান মেহেদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 'প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্দেশে রেভোলিউশনারি গার্ডসের জেনারেল মাজিদ ইবনেলরেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।'


কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনীর 'ভুলে' ৩টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, দাবি যুক্তরাষ্ট্রের

কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 'ভুলবশত ছোড়া' গোলার আঘাতে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত ওই বিবৃতিতে সেন্টকম জানায়, 'বিমানে থাকা মোট ছয়জন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করেছে।'


হিজবুল্লাহর সামরিক কার্যক্রম 'অবৈধ': অস্ত্র জমা দেওয়ার নির্দেশ লেবানন সরকারের

লেবানন সরকার হিজবুল্লাহর সকল সামরিক তৎপরতাকে 'অবৈধ কর্মকাণ্ড' হিসেবে ঘোষণা করেছে এবং গোষ্ঠীটিকে তাদের অস্ত্র রাষ্ট্রীয় বাহিনীর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে।

প্রধানমন্ত্রী নওয়াফ সালাম স্পষ্টভাবে জানিয়েছেন, বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোর বাইরে লেবাননের ভূখণ্ড থেকে পরিচালিত যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের প্রতি সরকার অনাগ্রহী।


কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'একটি ক্ষেপণাস্ত্র মেসাইদ এনার্জি প্ল্যান্টের একটি পানির ট্যাংকে এবং অন্যটি রাস লাফান শিল্প নগরীতে কাতার এনার্জির একটি জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে।'

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার ফলে হওয়া ক্ষয়ক্ষতি নিরূপণ করছে এবং পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।


ইসরায়েলের লেভিয়াথান গ্যাসক্ষেত্রের উৎপাদন বন্ধের নির্দেশ

ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে বিশালাকার 'লেভিয়াথান' গ্যাসক্ষেত্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে মার্কিন কোম্পানি শেভরন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মিশরের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের রপ্তানি চুক্তির অংশ হিসেবে এই গ্যাসক্ষেত্রের সক্ষমতা বছরে ২১ বিলিয়ন ঘনমিটারে উন্নীত করার কাজ চলছিল।


ওমান উপকূলে তেলবাহী জাহাজে ড্রোন বোট হামলা, নিহত ১

ওমানের মাস্কাট উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে 'এমকেডি ব্যোম' নামক একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরক বোঝাই নৌকার সাহায্যে হামলা চালানো হয়েছে।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, এই হামলার ফলে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত একজন ক্রু সদস্য নিহত হয়েছেন। জাহাজটি থেকে বাকি ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।


সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে সাইরেন: ড্রোন হামলার পর উত্তেজনা

সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান বাহিনী বা আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে আজ দুপুর নাগাদ সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এর কয়েক ঘণ্টা আগেই ওই ঘাঁটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল বলে সাইপ্রাসের রাষ্ট্রীয় টেলিভিশন সাইবিসি জানিয়েছে।

সরাসরি সম্প্রচারিত এক প্রতিবেদনে সাইবিসি জানায়, লিমাসোল শহরের নিকটবর্তী ওই বিমান ঘাঁটি থেকে সাইরেন বাজার পরপরই বেশ কিছু যুদ্ধবিমানকে উড্ডয়ন করতে দেখা গেছে।


ইসরায়েল অভিমুখে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, 'প্রতিরক্ষা ব্যবস্থা এই হুমকি মোকাবিলায় (ইন্টারসেপ্ট করতে) কাজ করছে।' এছাড়া সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক করতে মোবাইল ফোনে সরাসরি প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।


কাতারের বিমানবন্দরে ইরানের হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান কাতারের আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে কাতার সেই হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আল-আনসারি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এ ধরনের হামলা কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।' তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে কাতার ইরানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখছে না।


নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, দাবি ইরানের

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থায় ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি জানিয়েছেন, গত রোববার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সময় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৩৫টি দেশের বোর্ড অফ গভর্নরস-এর বৈঠকে তিনি বলেন, 'তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও সংরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।'

কোন স্থাপনায় হামলা হয়েছে জানতে চাইলে তিনি সুনির্দিষ্টভাবে 'নাতাঞ্জ'-এর নাম উল্লেখ করেন।


ইরানে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়ালো: রেড ক্রিসেন্ট

দেশজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৫৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।


হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এখন ইসরায়েলের 'হত্যার লক্ষ্যবস্তু': প্রতিরক্ষামন্ত্রী

হিজবুল্লাহর নবনিযুক্ত মহাসচিব নাঈম কাসেম এখন ইসরায়েলের 'টার্গেট ফর এলিমিনেশন' বা হত্যার প্রধান লক্ষ্যবস্তু বলে ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে অন্তত ৩১ জন নিহত হন।


ইরানের পরমাণু কেন্দ্রে হামলার চিহ্ন নেই, তবে কর্তৃপক্ষের সাড়া পাচ্ছে না আইএইএ

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় দেশটির কোনো পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো লক্ষণ বা প্রমাণ নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তবে সংস্থাটি এখন পর্যন্ত ইরানের পরমাণু কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়নি।

সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি ৩৫-জাতির বোর্ড অফ গভর্নরসের কাছে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে কোনো পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাতে আঘাত হানা হয়েছে।' তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, 'ইরানের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।'


ড্রোন হামলা: সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ

সৌদি আরবের দাম্মাম শহরের নিকটবর্তী রাস তানুরা তেল শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের ড্রোন হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, আকাশপথে ধেয়ে আসা দুটি ড্রোন মাঝপথে ধ্বংস (ইন্টারসেপ্ট) করার পর সেগুলোর ধ্বংসাবশেষ শোধনাগারটির ওপর পড়লে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


কুয়েতে 'কয়েকটি' মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটিতে 'বেশ কয়েকটি' মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানগুলোর সব ক্রু অক্ষত আছেন। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কুয়েতি কর্তৃপক্ষ তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে সব ক্রুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ক্রুদের অবস্থা স্থিতিশীল রয়েছে। 

যুধবিমান বিধ্বস্তের ব্যাপারে কুয়েতি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ করছে। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে জানতে তদন্ত চলমান রয়েছে।

এর আগে কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটির কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে কেন বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এটি কোন দেশের বিমানবাহিনীর অন্তর্গত, তা জানা যায়নি। 

কুয়েত সিটিতে মার্কিন দূতাবাসের কাছে ধোঁয়া। ছবি: এএফপি

ওই ভিডিও বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, এটি একটি দ্বি-ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান, যা এফ-১৫ই অথবা এফ/এ-১৮ মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪৯ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছিল, বৈরুতের সিনিয়র হিজবুল্লাহ নেতা ও দক্ষিণাঞ্চলে কেন্দ্রীয় হিজবুল্লাহ কমান্ডারদদের অবস্থান লক্ষ্য হামলা চালিয়েছে তারা।

লেবাননে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ছে

রাতভর অঞ্চলজুড়ে চলা পাল্টাপাল্টি হামলার পর সোমবার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙেছে উপসাগরীয় দেশগুলোর বাসিন্দাদের। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই বিস্তৃত সংঘাতে যোগ দেওয়ার পরই পরিস্থিতির এমন অবনতি হয়েছে।

দুবাই, আবুধাবিসহ প্রধান শহরগুলোতে বিস্ফোরণ: উপসাগরীয় অঞ্চলের প্রধান শহর দুবাই, আবুধাবি ও দোহায় সোমবার স্থানীয় সময় সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের রাজধানী দোহায় আকাশে ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে ইন্টারসেপ্টর ছুড়তে দেখা গেছে। 

বাহরাইন: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাহরাইনজুড়ে বিপদসংকেত (সাইরেন) বাজানো হয়েছে।

আবুধাবিতে ইরানের হামলা। ছবি: রয়টার্স

কুয়েত: সোমবার ভোরে কুয়েতের আকাশসীমায় বিকট শব্দ শোনা গেছে। সমুদ্রপথ দিয়ে আসা 'শত্রু ড্রোন' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার সময় এই শব্দ হয়।

সাইপ্রাস: পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই হামলার পাল্টা জবাব দিয়েছে।


বাগদাদে ইউএস ভিক্টোরিয়া ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউএস ভিক্টোরিয়া ঘাঁটি লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকি টিভি চ্যানেল আল-সুমারিয়া ও আল-রশিদ।

প্রতিবেদনে বলা হয়, একটি ড্রোন বিশেষ অভিযান এলাকার ভেতরে পড়ে, আরেকটি ড্রোন ঘাঁটির মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে।

ছবি: সংগৃহীত

লেবাননে নতুন করে হামলার ঘোষণা ইসরায়েলের; আরও তীব্র হবে

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে হামলা শুরু করেছে তারা। নতুন এ হামলার আগে আইডিফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইসরায়েলে হামলার জন্য হিজবুল্লাহকে 'চড়া মূল্য দিতে হবে'।

তিনি আরও বলেন, 'হামলা অব্যাহত রয়েছে এবং এর তীব্রতা আরও বাড়বে।'

আইডিএফ জানায়, লেবাননের বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর অস্ত্রের গুদাম ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এর আগে আইডিএফ লেবাননের ৫০টিরও বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের 'নিজেদের নিরাপত্তার স্বার্থে' এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। 

ইসরায়েলের হামলার ঘোষণায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে লেবাননের এক পরিবার। ছবি: এপি

সোমবার খুব ভোরে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর ইসরায়েলও লেবাননে তাদের লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা শুরু করে।


ইরান আগে যুক্তরাষ্ট্রে হামলা চালাবে—এমন গোয়েন্দা তথ্য ছিল না: স্বীকার ট্রাম্প প্রশাসনের

রোববার কংগ্রেসের কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে, ইরান আগে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল—এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। 

এর এক দিন আগে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছিলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর ওপর ইরান 'আগাম হামলা' চালাতে পারে—এমন ইঙ্গিত পাওয়ার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সিদ্ধান্ত নেন।

পেন্টাগনের বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অঞ্চলজুড়ে সক্রিয় তাদের মিত্র বাহিনী যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তবে তেহরান আগে মার্কিন বাহিনীর ওপর হামলা চালাবে—এমন কোনো গোয়েন্দা তথ্য ছিল না বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র রয়টার্সকে জানিয়েছে।

পাখির চোখে পেন্টাগন। ছবি: রয়টার্স

শনিবারের হামলায় ইরানের পরবর্তী সম্ভাব্য শাসকরা নিহত হয়েছেন, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেছেন, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শাসনভার গ্রহণের সম্ভাব্য ব্যক্তিরা নিহত হয়েছেন।

এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্লকে ট্রাম্প বলেন, 'এ হামলা এতটাই সফল ছিল যে সম্ভাব্য প্রার্থীদের অধিকাংশই নির্মূল হয়ে গেছেন। আমরা যাদের কথা ভাবছিলাম, তাদের কেউ ক্ষমতায় আসতে পারবেন না; কারণ তারা সবাই মৃত। দ্বিতীয় বা তৃতীয় সারির যারা ছিলেন, তারাও মারা গেছেন।'

ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর দেশটিতে ক্ষমতার হস্তান্তর কীভাবে ঘটবে—তা নিয়ে যখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই ট্রাম্পের তরফ থেকে এমন মন্তব্য এল।

খামেনি হত্যার বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'তিনি মারার আগেই আমি মেরে ফেলেছি। তারা দুবার চেষ্টা করেছিলেন। কিন্তু আমিই আগে তাকে কুপোকাত করেছি।'

ছবি: সংগৃহীত

২০২৪ সালে বিচার বিভাগ প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে ফেডারেল চার্জ গঠন করেছিল। আদালতের নথিপত্র অনুযায়ী, ইরানি কর্মকর্তারা এই ষড়যন্ত্রের অন্যতম সন্দেহভাজন ফরহাদ শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও হত্যার দায়িত্ব দিয়েছিলেন।


যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না: আলি লারিজানি

ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এদেওয়া এক পোস্টে জানিয়েছেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না' ইরান।

দেশটির অন্যতম প্রভাবশালী এই ব্যক্তি এমন সময় এ মন্তব্য করলেন যখন বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি লারিজানি এক্স-এ আরও লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 'মিথ্যা আশা' দিয়ে 'এই অঞ্চলকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। এখন তিনি মার্কিন সেনাদের আরও প্রাণহানি নিয়ে বিচলিত হয়ে পড়েছেন।'

ছবি: রয়টার্স

লারিজানি আরও বলেন, 'নিজের বিভ্রান্তিকর কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাম্প তার স্বঘোষিত "আমেরিকা ফার্স্ট" স্লোগানকে "ইসরায়েল ফার্স্ট"-এ রূপান্তর করেছেন এবং ইসরায়েলের ক্ষমতার আকাঙ্ক্ষা পূরণ করতে মার্কিন সেনাদের জীবন বিসর্জন দিচ্ছেন।'

নিহত সর্বোচ্চ নেতা খামেনির অন্যতম প্রধান এই উপদেষ্টা জোর দিয়ে বলেন, ইরানি বাহিনী 'আগে কোনো আগ্রাসন শুরু করেনি'।


লেবাননের ৫০টির বেশি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

সম্ভাব্য বিষয়ে সতর্কবার্তা দেওয়ার পর লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। 

চিহ্নিত এলাকার বাসিন্দাদের অন্তত ১ হাজার মিটার দূরে কোনো উন্মুক্ত স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। 

ইসরায়েলি সতর্কবার্তায় বলা হয়েছে, 'হিজবুল্লাহর সদস্য, তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থানকারী যে-কেউ নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলছেন।'

লেবাননে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স

ইসরায়েল বলপূর্বক সরে যেতে বলার পর দক্ষিণ লেবানন ও বৈরুতের লাখ লাখ মানুষ নিজ বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। 


তেলের দাম বেড়েছে, পুঁজিবাজারে দরপতন

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে ওঠায় অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে, অন্যদিকে বড় ধরনের দরপতন হয়েছে শেয়ারবাজারে।

সোমবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে দিনের শেষভাগে এসে বাজার কিছুটা স্থিতিশীল হয়। টোকিও সময় দুপুর পর্যন্ত আন্তর্জাতিক এই মানদণ্ড অনুযায়ী তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬.৪৮ ডলারে দাঁড়িয়েছে।

এশিয়ার পুঁজিবাজারগুলোতে লেনদেন শুরুই হয়েছে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে। হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ ও জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫-এর প্রায় ১.৫ শতাংশ দরপতন হয়েছে।

হরমুজ প্রণালি। ছবি: এপি

যুক্তরাষ্ট্রে নিয়মিত বাজার সময়ের বাইরে লেনদেন হওয়া স্টক ফিউচারে বড় ধরনের লোকসান দেখা গেছে, যা ওয়াল স্ট্রিটে অস্থির দিনের ইঙ্গিত দিচ্ছে। এসঅ্যান্ডপি ৫০০এবং প্রযুক্তি-নির্ভর নাসডাক কম্পোজিট—উভয় সূচকের ফিউচারই প্রায় ০.৭ শতাংশ কমেছে।


তেহরানে 'টানা বিস্ফোরণের' খবর

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় রাজধানী তেহরান ও কারাজ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় সময় সোমবার ভোরে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, 'কিছুক্ষণ আগে তেহরানের কিছু এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।'

অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, 'কারাজ শহরের আশপাশে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।'

তেহরানে বিস্ফোরণ। ছবি: রয়টার্স

লেবাননে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের বৈরুতে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননে এই সশস্ত্র গোষ্ঠীর আরেকজন 'কেন্দ্রীয়' ব্যক্তিকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

লেবাননে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর

খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। 

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, হেজবুল্লাহর হামলার জবাবে লেবাননকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রজেক্টাইল ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে পড়েছে। 

রাজনৈতিকভাবে প্রভাবশালী শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে। 

জেরুজালেমের আকাশে ইরানের মিসাইল। ছবি: রয়টার্স

ইরানে 'ভেনেজুয়েলা মডেলে' ক্ষমতা বদল হতে পারে; যুদ্ধ চলবে 'চার সপ্তাহের মতো': ট্রাম্প

তিনি বলেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানে ক্ষমতা হস্তান্তরের যে প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে ভেনেজুয়েলাই হতে পারে নেতৃত্বের পরিবর্তনের 'নিখুঁত' উদাহরণ।

চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের মাধ্যমে নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রসঙ্গ টেনে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমার মনে হয় আমরা ভেনেজুয়েলায় যা করেছি, সেটা একটা নিখুঁত উদাহরণ সেখানে মাত্র দুইজন ব্যক্তি ছাড়া বাকি সবাই তাদের পদ বহাল রাখতে পেরেছেন।'

ছবি: এপি

ইরানের নেতৃত্বে তিনি কাকে দেখতে চান—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প টাইমসকে বলেন, 'আমার কাছে খুব ভালো তিনটি পছন্দ আছে। আমি এখনই তাদের নাম প্রকাশ করব না। আগে কাজ শেষ হোক।'

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের সম্ভাব্য সময়সীমা তুলে ধরে ডেইলি মেইলকে ট্রাম্প বলেছেন, এ হামলা 'চার সপ্তাহের প্রক্রিয়া। দেশটা বড়, তাই হামলা যত তীব্রই হোক না কেন, এতে চার সপ্তাহ বা তার কম সময় লাগবে।'

বর্তমান পর্যায়ের এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর কতদিন চালিয়ে যেতে পারে—নিউইয়র্ক টাইমসের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, 'আসলে আমরা চার থেকে পাঁচ সপ্তাহের পরিকল্পনা করেছি।'

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / ইসরায়েল / ইরানে হামলা / মধ্যপ্রাচ্য / ইরান-যুক্তরাষ্ট্র / ইরান-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি 
  • ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না, পারমাণবিক অস্ত্র অর্জনেরও ইচ্ছা নেই: পেজেশকিয়ান
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হিসাব ভুল ছিল, দেশে এখন ‘অভূতপূর্ব ঐক্য’: মোজতবা খামেনি
  • মার্কিন যুদ্ধবিমান নামার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা: প্রেসিডেন্ট দিসানায়েকে

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net