মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক
বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী চক্র জালিসকো নিউ জেনারেশন কার্টেলের নেতা নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস নিহতের জেরে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে।
৫৯ বছর বয়সী সারভান্তেস অপরাধজগতে 'এল মেনচো' নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, মেথঅ্যামফেটামিন ও কোকেন পাচারের জন্য কুখ্যাত ছিলেন তিনি। পাশাপাশি তিনি সরকারি কর্মকর্তাদের ওপর প্রকাশ্যে হামলার পরিকল্পনাও করতেন।
মেক্সিকোর জালিসকো রাজ্যের তাপালা শহরে গতকাল রোববার বিশেষ অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন মেক্সিকোর এই শীর্ষ মাদকসম্রাট।
এল মেনচো জালিস্কো রাজ্যেরই বাসিন্দা। সেনা অভিযানের খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়। মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে অন্তত ২০টিতেই সহিংসতার খবর পাওয়া গেছে। সন্ত্রাসীরা বাস ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে। আগুন জ্বেলে বন্ধ করে দেয় বিভিন্ন সড়কও।
অস্থিরতায় আক্রান্ত মিচোয়াকান রাজ্যের জিতাকুয়ারোর এক বাসিন্দা আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সমাজে যে ভয় রয়ে গেছে, তা ভীষণ বিপর্যয়কর। এই চক্রগুলোর কত বড় ক্ষমতা তা বোঝা যায়। কারণ, তারা কয়েক মিনিটের মধ্যেই একটি শহর অচল করে দিতে পারে।'
মিচোয়াকানের ওই বাসিন্দা আরও যোগ করেন, 'তারা পরিবহন নেতাদের নিজেদের দলে ভিড়িয়েছে। যেকোনো সময় তারা শহরে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দিতে পারে… তারা পুরো শহরের চলাচল বন্ধ করে দিতে পারে। হাসপাতালে যাওয়া, বাজার করা, খাবার অর্ডার দেওয়া—সব মৌলিক সেবা বন্ধ হয়ে গেছে। পুরো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।'
