কক্সবাজারে রিসোর্টে আগুন: খোঁজ মিলছে না একই পরিবারের ৪ জনের
কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৪ জনের খোঁজ মিলছে না। স্বজনদের আশঙ্কা- নিহতের মধ্যে তারা থাকতে পারেন।
দৈনিক আমাদের সময় ও মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন। নিখোঁজ এই চারজন তার নিকটাত্মীয়।
দুর্ঘটনার পর থেকে নিখোঁজ এই চারজন হলেন আফসানা মতিন তানজি (৩৬), তার স্বামী নাহিদুর রহমান (৪১) ও তাদের দুই সন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)। আফসানা মতিন তানজি সম্পর্কে মুস্তাফিজুর রহমান উজ্জ্বলের মামাতো বোন।
মুস্তাফিজুর রহমান উজ্জ্বল জানান, নাহিদুর রহমান ও আফসানা মতিন দম্পতি তাদের দুই সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। তারা ওই রিসোর্টেই অবস্থান নিয়েছিলেন। অগ্নিকাণ্ডের পর থেকে তাদের খোঁজ মিলছে না।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে শুরু হয় উদ্ধার অভিযান।
দুপুর ২টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন।
নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় মিলেছে। এরা হলেন, নিহতদের মধ্যে ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), ফারিহা কবির (৩৩), ফায়িজান আহম্মেদ (৫) ও আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা (২৮)। অপর ৩ জনের পরিচয় এখন পাওয়া যায়নি।
