প্রশ্নপত্র ফাঁসে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো বিষয়টি নিজে তদারকি করবেন বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের ছয় সদস্যকে ইতোমধ্যে স্পেশাল ফোর্স বা এসআরপির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অভ্যন্তরীণ ও বাইরের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে প্রশ্নপত্র ফাঁসের কারণে পূর্ববর্তী পরীক্ষা স্থগিত হওয়ার পর এবার নিয়োগ পরীক্ষায় 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করা হয়। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারকি করতে সচিবালয়ে রাত জেগে দায়িত্ব পালন করেন প্রতিমন্ত্রী নিজেই।
তিনি জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে।
আমিনুল হক বলেন, বৃহস্পতিবারের প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার পর শুক্রবারের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা চলছে। পরবর্তী সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
