খুলনায় ছেলে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা
খুলনার রূপসা উপজেলায় ছেলেকে গলা কেটে হত্যার এক মাস ২০ দিন পর এবার তার বাবাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড়সংলগ্ন নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বাবা ও ছেলের নাম আক্তার ঢালীকে (৬০) ও জয় ঢালী (২৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আক্তার ঢালী নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে আক্তার ঢালীকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে, গত ১৫ আগস্ট শনিবার রাত সোয়া ৯টার দিকে একই এলাকার শহীদের মোড়ের একটি চায়ের দোকানের সামনে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে একদল যুবক।
ওই ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় এজাহারনামীয় প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ছেলে হত্যার এক মাস ২০ দিনের মাথায় এবার বাবা আক্তার ঢালীও হত্যার শিকার হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। প্রকাশ্যে এভাবে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্তার ঢালীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'
তিনি বলেন, 'পূর্বশত্রুতার জেরে অথবা ছেলে জয় ঢালী হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
