অপ্রতিম হত্যায় আসামিদের সঠিক বয়স নির্ধারণের দাবি বাবার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত স্কুলছাত্র অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার তার ছেলের হত্যাকাণ্ডে অভিযুক্তদের সঠিক বয়স নির্ধারণে বায়োলজিক্যাল বা রেডিওলজিক্যাল পরীক্ষা করার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, অপ্রতিম হত্যাকারীদের মধ্যে যাদের শিশু আইনে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে, তাদের বায়োলজিক্যাল টেস্ট বা রেডিওলজিক্যাল টেস্টের মাধ্যমে সঠিক বয়স নির্ধারণ করতে হবে। অপ্রতিম হত্যার বিচার যেন সঠিকভাবে হয়। যারা তাকে হত্যা করেছে তাদের বিচার যদি না হয়, এরা আবার বের হলে আমরা নিরাপত্তা ঝুঁকিতে পড়ব।
আজ সোমবার (৫ অক্টোবর) আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও সেবামূলক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিতকরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান হত্যার ঘটনাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা আরও দ্রুত ত্বরান্বিত করার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
