৩ দেশের জন্য বিএমইটি ক্লিয়ারেন্স চান ইউরোপের ভিসাপ্রত্যাশীরা, ৬ দফা দাবি
সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভার বৈধ ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ক্লিয়ারেন্স পুনরায় চালুর দাবি জানিয়েছে 'ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ'। ছাড়পত্র পেতে দেরি হওয়ায় বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ৬ দফা দাবি তুলে ধরা হয়।
সংগঠনের সমন্বয়ক মো. তুহিন বলেন, 'আমরা কোনো অনিয়ম বা অবৈধ প্রক্রিয়ার দাবি করছি না। আমরা চাই, যারা বৈধ ভিসা ও বিদেশে চাকরির সুযোগ পেয়েছেন, তাদের যেন অকারণে বাধা না দিয়ে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়।'
জটিলতা নিরসন করে দ্রুত জনশক্তি ছাড়পত্র (ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স) পুনরায় চালু করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। সমস্যাগুলোর দ্রুত সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
তাদের ছয় দাবির মধ্যে রয়েছে—উল্লিখিত তিন দেশে বৈধ নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করা, ভিসা পাওয়া কর্মীদের যাওয়ার ব্যবস্থা করা এবং যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে তাদের অগ্রাধিকার দেওয়া। এছাড়া বিলম্বের কারণে কর্মীদের যে আর্থিক ক্ষতি হচ্ছে তার সমাধান করা এবং কর্মী ও রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে আলোচনা করে সুস্পষ্ট সিদ্ধান্ত নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
একই কোম্পানিতে পাঁচজনের বেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত অনুমোদন ও ডিমান্ড-লেটার (চাহিদাপত্র) সত্যায়নের শর্ত শিথিল করারও আহ্বান জানিয়েছে ঐক্য পরিষদ। তারা বলছে, প্রয়োজনীয় যাচাই-বাছাই ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরও এই অতিরিক্ত আনুষ্ঠানিকতার কারণে বৈধ ভিসা পাওয়া শত শত কর্মীর নির্ধারিত সময়ে বিদেশযাত্রার সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।
সংগঠনের আরেক সমন্বয়ক ইব্রাহিম সরদার সত্যায়ন ও ক্লিয়ারেন্স দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি আরও সহজ ও বাস্তবসম্মত ব্যবস্থা চালুর জন্য বিএমইটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, কর্মীরা রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে চুক্তির মাধ্যমে স্বেচ্ছায় বিদেশের চাকরিতে যোগ দিচ্ছেন; প্রয়োজনে তারা লিখিত অঙ্গীকারনামা দিতেও প্রস্তুত আছেন।
সংবাদ সম্মেলনে সুমন রহমানসহ সংগঠনটির অন্যান্য সমন্বয়করাও উপস্থিত ছিলেন।
