৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নেবে পিএসসি, আবেদন শুরু ১ অক্টোবর
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ৪ হাজার ৭০০টি পদ সহকারী সার্জনের এবং ৩০০টি পদ সহকারী ডেন্টাল সার্জনের।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবেদনের সময়সীমা ও ফি
আগ্রহী প্রার্থীরা আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা। নির্ধারিত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা (এর মধ্যে ৫ টাকা ডেটা ভেরিফিকেশন ফি)। অন্যদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৫ টাকা। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত শ্রেণির বাইরে অন্য কোনো প্রার্থী কম ফি দিলে তার আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
বয়সসীমা ও যোগ্যতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অথবা সমমানের যোগ্যতা থাকতে হবে। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
এমবিবিএস বা বিডিএসের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও 'অ্যাপিয়ার্ড' হিসেবে আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে, তাদের লিখিত পরীক্ষা ২০২৬ সালের ২৫ অক্টোবরের মধ্যে শেষ হতে হবে এবং পরবর্তী সময়ে ডিগ্রি অর্জন করতে হবে। চূড়ান্ত ফলাফলেই কোনো বিষয়ে অকৃতকার্য হলে প্রার্থীর আবেদন বাতিল হবে।
এ ছাড়া বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে ইস্যু করা সমমান সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মূল সনদ ছাড়া মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।
পরীক্ষার মানবণ্টন
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবেদনকারীর সংখ্যা বিবেচনা করে প্রয়োজন হলে রাজধানীর বাইরেও পরীক্ষাকেন্দ্র স্থাপন করতে পারে কমিশন।
৫১তম বিশেষ বিসিএসের মূল মূল্যায়ন হবে মোট ৩০০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ২০০ নম্বরের লিখিত (বহুনির্বাচনী/এমসিকিউ) এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুই ঘণ্টার এমসিকিউ পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টন: ক্যাডার-সংশ্লিষ্ট বিষয়: ১০০ নম্বর বাংলা: ২০ নম্বর, ইংরেজি: ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলি: ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলি: ২০ নম্বর, মানসিক দক্ষতা: ১০ নম্বর, গাণিতিক যুক্তি: ১০ নম্বর
এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ (শূন্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে। মৌখিক পরীক্ষায় পাস করার জন্য প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।
প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যারা পরীক্ষায় শ্রুতিলেখক (স্ক্রাইব) সেবা গ্রহণ করতে চান, তাদের আগামী ৩ নভেম্বরের মধ্যে কমিশনের কাছে লিখিত আবেদন জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে পিএসসি স্পষ্ট করে জানিয়েছে, কোনো প্রার্থীর পক্ষে যেকোনো ধরনের তদবিরের চেষ্টা করা হলে তা সরাসরি প্রার্থিতা বাতিলের উপযুক্ত কারণ হিসেবে বিবেচিত হবে।
প্রার্থীরা bpsc.teletalk.com.bd অথবা পিএসসির ওয়েবসাইট bpsc.gov.bd-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
