‘৩১ ডিসেম্বর নয়, কালকেই আসুন—হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে’: শেখ হাসিনাকে পর্যটন মন্ত্রী মিল্লাত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, 'শেখ হাসিনা ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে থাকবে হাতকড়া।'
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরানোর জন্য লুটপাট করে দেশের সবকিছু নিয়ে গেছে। এখন সেই লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে।'
শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব কথা বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। একই সঙ্গে এর মাধ্যমে ফ্যাসিস্ট আমলের যারা আত্মগোপনে রয়েছেন, তাদেরও উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এম. রশিদুজ্জামান মিল্লাট বলেন, 'আমরা তো বলি, আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে। আপনাকে হাতকড়া দিয়ে রিসিভ করে আপনি বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী, অমানবিক আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে।'
তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ যারা দেশ ছেড়ে পালিয়ে আছেন, তাদের দ্রুত বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশকে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রী বলেন, 'বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল, তার বিচার করতে চাই। সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার ও জনগণের টাকা লুটের বিষয়গুলোর সমাধান করতে চাই।'
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
