এসআরবির যাত্রা শুরু: বদলাচ্ছে লোগো, পতাকা ও পোশাক
নতুন আইনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। নতুন আইনের আলোকে বাহিনীটির লোগো, পতাকা ও পোশাকেও আসছে পরিবর্তন। সরকারের অনুমোদন পাওয়ার পর শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ সরকার প্রণীত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬' এর গেজেট গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে নতুন আইনি কাঠামোয় এসআরবির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
আইনটির গেজেট প্রকাশের পর আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এসআরবি সদর দপ্তরে বাহিনীর সদস্যদের সঙ্গে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নবগঠিত বাহিনীর মহাপরিচালক আহসান হাবিব পলাশ। এ সময় সদর দপ্তরের সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে থাকা এসআরবির সব ব্যাটালিয়নের সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যপারে মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
বক্তব্যে মহাপরিচালক নবপ্রণীত আইনের আলোকে এসআরবির সব ধরনের আভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে এসআরবির 'শুভযাত্রা'র ঘোষণা দেন।
নতুন আইনের আলোকে বাহিনীর সাংগঠনিক পরিচিতিতেও পরিবর্তন আসছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারের অনুমোদন পাওয়ার পর দ্রুত এসব পরিবর্তন কার্যকর করা হবে।
আহসান হাবিব পলাশ এসআরবির সদস্যদের ন্যায়নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, এসআরবির প্রতিটি আভিযানিক কার্যক্রমে আইন, স্বচ্ছতা ও জবাবদিহিকে গুরুত্ব দিতে হবে। বাহিনীর সদস্যদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এদিকে এসআরবির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে বুধবার বাদ আসর সদর দপ্তরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত বাহিনীর সার্বিক মঙ্গল এবং দেশের সেবায় নিয়োজিত থেকে এসআরবির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
