মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
যেখানে দেখা যায়, এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিঠের উপর ইট দিয়ে একদল কিশোর পেটাচ্ছে।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সোমবার দিবাগত রাতে ওই যুবককে চোর সন্দেহে আটকের পর খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয়। মঙ্গলবার সকালেও পেটানো হয়েছে। এতে ওই যুবক মারা গেছে।'
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান জানান, 'বিষয়টি জানার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।'
তিনি আরও বলেন, 'এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
