ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুতদের সঙ্গে গ্রাহক ফোরামের সদস্যদের সংঘর্ষ, আহত ৫৫
ইসলামী ব্যাংকের সামনে এস আলমের সময়ে নিয়োগ পাওয়া চাকরিচ্যুতদের সঙ্গে 'সচেতন গ্রাহক ফোরাম'-এর সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে দুই গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতরা চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। এ সময় গ্রাহক ফোরামের সদস্যরা সেখানে অবস্থান নিলে তাদের ওপর হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে গ্রাহক ফোরামের সদস্যরা তাদের ধাওয়া দেন। এতে দুই গ্রুপের সদস্যরা আহত হন।
গ্রাহক ফোরামের ৩০ সদস্য আহত হয়েছেন জানিয়ে সংগঠনের সভাপতি নুর উন নবী মানিক বলেন, 'অবৈধ নিয়োগপ্রাপ্তদের সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্ক নেই। ব্যাংকটির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে তারা অবস্থান নিয়েছেন। আজ যখন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি, তখন পুলিশের ছত্র-ছায়ায় হামলা চালানো হয়েছে।'
তিনি বলেন, 'পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আরও ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন, তারা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। যারা পরিকল্পিতভাবে হামলা করেছে, তাদের খুঁজে বের করতে হবে। একই সঙ্গে তাদের বিচারের আওতায় আনতে হবে।'
অন্যদিকে, চাকরিচ্যুতদের ২৫ জনের ওপর হামলা হয়েছে বলে দাবি করেন তাদের একজন শহিদুল ইসলাম। তিনি বলেন, 'আমরা দ্বিতীয় দিনের মতো ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি নিয়ে দাঁড়িয়েছি। আজ উপস্থিত হওয়ার ২০ মিনিটের মধ্যে গ্রাহক ফোরামের সদস্যরা আমাদের ওপর হামলা চালান। পুলিশ প্রোটেকশন দিয়ে আমাদের সরিয়ে দিয়েছে। ২০ থেকে ২৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।'
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহসীন আল মুরাদ বলেন, 'সকালের ঘটনা আমি জানি না। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সামনে চাকরিচ্যুতরা অবস্থান নিয়েছেন। যেহেতু এটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, তাই তাদের এখান থেকে চলে যেতে বলেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত রয়েছে।'
গ্রাহক ফোরামের সভাপতি নুর নবী চৌধুরী মানিক বলেন, 'আজকে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত চেয়ারম্যানের নেতৃত্বে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে তাদের পাওনাও পরিশোধ করে দেওয়া হয়েছে।'
এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সকাল ৯টা থেকে উভয় পক্ষ অবস্থান কর্মসূচি পালন করে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে নিয়োগ পাওয়া চট্টগ্রাম অঞ্চলের চাকরিচ্যুত কর্মকর্তাররা মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।
অন্যদিকে একই স্থানে 'সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে কয়েকশো গ্রাহক 'এস আলমের লুটেরাদের ষড়যন্ত্র' লেখা ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।
গ্রাহক ফোরামের সহসভাপতি শামিম হাসনাইন তখন বলেছিলেন, 'ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় খবর পেয়ে আমরা রাতেই অবস্থান নিয়েছি। এস আলমের আমলে অনিয়ম ও জাল সনদের মাধ্যমে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে।'
অন্যদিকে চাকরিচ্যুত কর্মীদের একজন আনোয়ার জানিয়েছিলেন, চাকরি হারানোর পর দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ তাদের চাকরিচ্যুত করেছে দাবি করে তিনি বলেন, 'চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত বাড়ি যাব না। চাকরি ফেরত নিয়েই বাড়ি যাব।'
