মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, যোগ দেওয়া অস্বাভাবিক নয়: হুমায়ুন কবির
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সই হওয়া 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা 'মক্কা ডিফেন্স প্যাক্ট'কে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। মুসলিম দেশগুলোর এই নিরাপত্তা জোটে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক কিছু হবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন।
হুমায়ুন কবির বলেন, 'আমরা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছি। সুতরাং মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা চুক্তি হয়, তবে সেখানে অংশগ্রহণ করাটা অস্বাভাবিক কিছু নয়। দেখা যাক কী হয়, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।'
প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, 'যারা মিডল ইস্টের স্টেকহোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে বিভিন্ন স্টেকহোল্ডার; এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপকে তারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট।'
এ সময় তিনি মক্কার প্রতি বাংলাদেশের মানুষের আবেগ ও শ্রদ্ধার কথা স্মরণ করে বলেন, 'মক্কা বাংলাদেশের মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে।'
পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সরকার বর্তমানে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিশ্বজুড়ে বাংলাদেশের দৃশ্যমানতা ও প্রভাব বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে।
নিজের নতুন দায়িত্ব সম্পর্কে হুমায়ুন কবির বলেন, এটি মূলত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি যে কাজগুলো করছিলেন, তারই ধারাবাহিকতা। তিনি বলেন, 'কাজে একটি ধারাবাহিকতা থাকে। গত ছয় মাসে আমরা পররাষ্ট্রনীতির একটি কৌশলগত কাঠামো তৈরি করেছি। এখন সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা কাজ শুরু করব।'
