‘কোন নিউজপেপার? কার এত জ্বালা?’: দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে হুমায়ুন কবির
নিজের ব্রিটিশ নাগরিকত্ব সংক্রান্ত সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তা ত্যাগ করেছেন কিনা—সাংবাদিকদের এসব বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, 'আমি বাংলাদেশি।'
প্রতিমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন হুমায়ুন কবির।
তিনি বলেন, 'এখানে বাংলাদেশ… বাংলাদেশি… আমার বাংলাদেশিত্ব এবং আমার অবস্থান নিয়ে প্রশ্ন তোলার মতো কেউ আছে বলে আমি মনে করি না।'
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের আলোচনা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'আমি তো সিটিজেন (নাগরিকত্ব) নিয়ে এসেছি, আর আপনারা নেটিজেনদের কথা বলছেন! আমি বলি, কোন নেটিজেন? আর আমি তো সিটিজেন নিয়ে এসে কাজ করছি।'
এ সময় সাংবাদিকরা আবার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা হচ্ছে এবং এ নিয়ে একটি নিউজও হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, 'কোন নিউজপেপার? কার এত জ্বালা, কাজকর্ম বাদ দিয়া?'
একপর্যায়ে ২০০৭-০৮ সালের রাজনৈতিক প্রসঙ্গ ও তত্ত্বাবধায়ক সরকারের সময়ের কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিগত মঈনুদ্দিন আহমেদ ও ফখরুদ্দীন আহমেদের সময়ের প্রসঙ্গ টেনে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, 'মঈনুদ্দিন আহমেদ আর ফখরুদ্দীনের সেই পুরোনো বুকের জ্বালা কি আবার উঠছে?'
দেশের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে তিনি বলেন, 'দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ, সকল দেশপ্রেমিক মানুষ যারা আছেন, দেশের পক্ষে যারা অবস্থান নেয়—এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।'
