আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। আজ স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে আরও জানা যায়, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। ফলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে গতকাল বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, 'বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাব।'
এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
আজ স্থায়ী কমিটির বৈঠকের পরই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানা যেতে পারে।
