রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাঁচটি স্কুলের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এই পাঁচটি স্কুল থেকে ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য প্রকাশ করেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই পাঁচ স্কুলের মধ্যে রাজশাহীতে তিনটি এবং নওগাঁ ও জয়পুরহাট জেলার একটি করে স্কুল রয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন এবং মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
অপরদিকে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
প্রফেসর ইফরাত জেরিন বলেন, বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সতর্ক করা হবে।
