৩ দিনের সফরে ঢাকায় আসছেন ভিসা’র এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন
তিন দিনের সফরে আজ সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সফরে আসছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।
আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। এ সময় তার সঙ্গে থাকবেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।
এই সফর একদিকে যেমন ডিজিটাল অর্থনীতি হিসেবে বাংলাদেশের অগ্রগতি প্রমাণ করে, তেমনি ভিসা'র এশিয়া প্যাসিফিক পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্বও তুলে ধরে।
সফরকালে স্টিফেন কারপিনের সরকার, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক, মার্চেন্টসহ বৃহত্তর পেমেন্ট ইকোসিস্টেমের নেতৃস্থানীয়দের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে আলোচনার মূল বিষয় ডিজিটাল কমার্সের গতি বাড়াতে, পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করতে এবং দেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিশ্চিতে করণীয় সমূহ।
এশিয়া প্যাসিফিক বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় ও দ্রুত পরিবর্তনশীল অঞ্চল হিসেবে খ্যাত, এবং ভিসা'র এ অঞ্চলের প্রেসিডেন্ট হিসেবে স্টিফেন কারপিন ভিসা'র ব্যবসা পরিচালনার দায়িত্বে আছেন।
দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশল বাস্তবায়ন, গ্রাহক-সম্পর্ক গভীরতর করা এবং ডিজিটাল পেমেন্ট, ক্রস-বর্ডার কমার্স, এআই ও সাইবার সিকিউরিটিতে উদ্ভাবন আনা ইত্যাদি দায়িত্ব তিনি পালন করছেন।
ডিজিটাল আর্থিক সেবার দ্রুত সম্প্রসারণ, ক্রমবর্ধমান ই-কমার্স খাত ও আর্থিক অবকাঠামোতে ক্রমাগত বিনিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের নতুন এক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে।
ব্যক্তি ও ব্যবসা-প্রতিষ্ঠান এখন নতুন ও আধুনিক মাধ্যম ব্যবহার করে লেনদেন করছে, যা বাংলাদেশকে এই অঞ্চলের অন্যতম গতিশীল বাজার হিসেবে প্রতিষ্ঠিত করছে।
স্টিফেন কারপিনের এই সফর মূলত বাংলাদেশের প্রতি ভিসা'র বিশ্বস্ত পেমেন্ট প্রযুক্তি ও ইকোসিস্টেম পার্টনারশিপের মাধ্যমে ভোক্তা, ব্যবসা এবং অর্থনীতিকে এগিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি তুলে ধরছে।
