প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সকালে (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল ইউএনবি জানায়, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটিই ছিল প্রথম বৈঠক।
গতকাল ঢাকায় একটি অনুষ্ঠানে ত্রিবেদী এই বৈঠক নিয়ে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি তার বক্তব্য বহুবার শুনেছি এবং তিনি মন থেকে কথা বলেন। আমি বিষয়টি নিজে দেখেছি। তিনি জনগণের মানুষ। আমাদের প্রধানমন্ত্রীও জনগণের মানুষ।'
তিনি বলেন, 'আমার মনে হয়, দুই নেতা যখন একসঙ্গে বসেন, তখন অনেক সমস্যার সমাধান হয়। আমরা যখন একে অপরের সঙ্গে কথা বলি, তখন সমস্যাগুলোর সমাধান করা যায়। আমি এ বিষয়ে খুবই আশাবাদী। এখানে নেতিবাচক কিছু নেই; সবকিছুই ইতিবাচক।'
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে গতকাল বিকেলে ভারতীয় হাইকমিশনার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। দুই পক্ষই গঠনমূলকভাবে যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে বৈঠকের ফলাফল নিয়ে কোনো পক্ষই সাংবাদিকদের কিছু জানাননি।
বৈঠক সম্পর্কে অবগত এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইউএনবিকে বলেন, 'আমি শুধু এটুকু বলতে পারি যে এটি আগে থেকেই নির্ধারিত একটি বৈঠক ছিল। তারা কী আলোচনা করেছেন, তা আমি জানি না।'
