জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং দেশের জনগণের বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এখনো একটি গোষ্ঠী এ আন্দোলনের কৃতিত্ব নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে, যা থেকে তাদের বেরিয়ে আসা উচিত।
আজ শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 'জুলাই গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ' শীর্ষক এ সভা আয়োজন করে 'ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'।
তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জনগণের আত্মত্যাগ, অবাধ নির্বাচন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ, সংসদের কার্যকর ভূমিকা এবং সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্ব- এসব মিলিয়ে দেশে গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে না পারলে অর্জিত সাফল্য হারিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তিও ইতিবাচকভাবে এতে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে একটি গোষ্ঠী জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। কে বেশি কৃতিত্ব পাবে, কে বড় তারকায় পরিণত হবে বা ডিজিটাল মাধ্যমে নিজের জনপ্রিয়তা বাড়াবে- এসব নিয়ে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, সরকারপ্রধান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুরু থেকেই এ গণ-অভ্যুত্থানের সব কৃতিত্ব জনগণের বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, জনগণই সব বিজয়ের প্রকৃত মালিক।
তথ্যমন্ত্রী বলেন, যারা এখনো এই আন্দোলনের কৃতিত্ব নিজেদের পকেটস্থ করার বিভ্রান্তিতে রয়েছেন, তাদের সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে জনগণের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।
