এক বছরের মধ্যে জুলাই আন্দোলনের সব মামলার বিচার শেষ করতে কাজ করছে প্রসিকিউশন: চিফ প্রসিকিউটর
জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর বিচার এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে প্রসিকিউশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, 'আমি যোগদানের আগে তিনটি এবং আমি যোগদানের পরে তিনটি-এই ছয়টি মামলার বিচার কার্য শেষ হয়েছে।'
তিনি বলেন, 'এক থেকে দেড় বছরের মধ্যে যে ছয়টা মামলার বিচারকার্য শেষ করতে পেরেছি, এইটা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্যে আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পন্ন হয়েছে। আমি মনে করি যে, এর চেয়েও যদি দ্রুত বিচারকার্য করেন, তাহলে এই বিচার নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিতে পারে, তাই এটি স্বচ্ছতার সাথে এবং স্বাভাবিক গতিতে এগোচ্ছে।'
বিচারের শেষ পর্যায়ে থাকা মামলাগুলোর বিষয়ে মো. আমিনুল ইসলাম বলেন, 'আরও প্রায় তিনটি মামলা এই মাসেই ইনশাআল্লাহ রায়ের জন্য অপেক্ষমান। আজকেও আসামি ওবায়দুল কাদেরের মামলার যুক্তিতর্কের শুনানি চলছে। মাহবুব উল আলম হানিফের মামলায়ও যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন হতে পারে।'
তিনি বলেন, 'যাত্রাবাড়িতে অত্যন্ত নৃশংসভাবে তাইম হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, সেটারও যুক্তিতর্কের শুনানি কয়েকদিনের মধ্যে শুরু হবে। আরও কয়েকটি মামলা কিন্তু বিচারকার্যের প্রায় শেষ পর্যায়ে। আমরা মোটা দাগে যদি বলি, জিয়াউল আহসানের মামলার সাক্ষী প্রমাণের প্রায় শেষ পর্যায়ে আমরা আছি, আর খুব বেশি সময় নেব না।'
তিনি আরও বলেন, 'এই জুলাই আন্দোলনের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে সম্ভাব্য আগামী এক বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি। পাশাপাশি সারাদেশে ক্রসফায়ারের যে তিন হাজারের অধিক ঘটনা ঘটেছে, সে মামলাগুলোর অনেকগুলো ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে।'
এসময় তিনি জানান, ইতোমধ্যে কক্সবাজারে কাউন্সিলর একরাম হত্যা মামলার এবং শাপলা চত্বরের বিচারকার্যও শুরু হয়েছে। এছাড়া জুলাইয়ের বিচারগুলোকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি গুম এবং ক্রসফায়ারের ঘটনাগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, 'আমাদের ১২টি মামলার রিপোর্ট আমরা দিয়েছি এবং পর্যায়ক্রমে ফর্মাল চার্জ দাখিল করছি; আরও কয়েকটা বাকি আছে যেগুলো কয়েকদিনের মধ্যে দিয়ে দেব।'
