দুবাইয়ের কারাগার থেকে সাবেক আইজিপি বেনজীরের মুক্তির গুঞ্জন, পুলিশ বলছে ‘তথ্য নেই’
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনে মুক্তির খবরের মাঝে ঢাকার পুলিশ কর্তৃপক্ষ আজ (২ আগস্ট) জানিয়েছে, এই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীরের জামিন আবেদন মঞ্জুর করেন।
প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনগুলো সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন টিবিএসকে বলেন, 'এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো বলতে পারবে।'
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র টিবিএসকে বলেছে, 'দুবাইয়ের আদালত বেনজীর আহমেদের মুক্তিতে কয়েকটি শর্ত আরোপ করেছে। তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে জামিনে মুক্তি পেলেও তার দেশত্যাগে বিধিনিষেধ বহাল রয়েছে।'
মুক্তির বিষয়ে অবগত সূত্র জানায়, বেনজীরকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথিপত্র ও আইনি প্রক্রিয়া নিয়ে আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। পরে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারক।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুবাই কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজীরের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা আছে। মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
