কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, পুলিশের কাছে জামাতার আত্মসমর্পণ
রাজধানীর কলাবাগান এলাকায় এক ব্যক্তির ছুরিকাঘাতে তার স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ওই ব্যক্তি। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগানের আল আমিন রোডের 'কিচেন গলি' এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফারজানা আক্তার রাত্রি ও তার মা ফিরোজা বেগম। এই হত্যাকাণ্ডের ঘটনায় রাত্রির স্বামী হৃদয় ওরফে শিপন নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে একপর্যায়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময় রাত্রির মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন জামাতা হৃদয়। তিনি প্রথমে তার স্ত্রী রাত্রিকে ছুরিকাঘাত করেন এবং পরে বাধা দিতে আসা শাশুড়ি ফিরোজা বেগমকেও ছুরিকাঘাত করেন।
ওসি আরও জানান, ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
