বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
দায়িত্ব গ্রহণের পর তিনি এই প্রথম কার্যক্রম শুরু করেন।
তিনি আজ সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়।
পরে পিজিআর-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানান।
আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব তাকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।
