শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধা সদন থেকে মো. শাকিল (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবক মাদকাসক্ত ছিলেন।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর রোডের ওই পরিত্যক্ত বাসভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ধানমন্ডি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।'
তিনি আরও জানান, ওই যুবকের বাড়ি মাদারীপুরে। তিনি পরিবার নিয়ে রায়েরবাজারের দিকে থাকতেন। তার স্ত্রী ফারজানা আক্তার সাথী জানিয়েছেন, তার স্বামী মাদকাসক্ত। গত চার মাস আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যান।
এই ঘটনায় নিহতের স্ত্রী একটি অপমৃত্যু মামলা করছেন জানিয়ে ওসি আরও বলেন, 'নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
