এজলাসে পেপারওয়েট ছুড়ে আইনজীবীকে আহত করার ঘটনায় বিচারককে বদলি
গোপালগঞ্জে আদালতের এজলাসে কাচের পেপারওয়েট ছুড়ে এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে আহত করার ঘটনায় সংশ্লিষ্ট বিচারক মো. সুজন মিয়াকে বদলি করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
আদালতে বিচার চলাকালে পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
এর আগে গতকাল বুধবার গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ বিচারিক কার্যক্রম চলাকালে এই ঘটনা ঘটে। আইনজীবীদের অভিযোগ, আদালতের বিচারক মো. সুজন মিয়া এজলাস থেকে কাচের একটি পেপারওয়েট ছুড়ে মারেন, যা সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথায় লাগে এবং তিনি আহত হন।
আহত সাবিহা সুলতানাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই জেলা আইনজীবী সমিতির নেতারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এই বিষয়ে মৌখিক অভিযোগ জানান।
