দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১০ আগস্ট
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানি পিছিয়ে আগামী ১০ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুস সালামের আদালত এই তারিখ নির্ধারণ করেন।
মামলার অন্য আসামিরা হলেন- আসাদুজ্জামানের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান।
এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। এজন্য সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক শুনানির জন্য নতুন করে দিন ধার্য করেন। শুনানিকালে কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়।
২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।
এছাড়াও এই আসামি ৯টি ব্যাংক হিসেবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনেদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ 'দুর্নীতি ও ঘুস' সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করার অভিযোগ আনা হয়।
