খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আজ সকালে ঢাকার একটি প্রতিনিধি দল নিয়ে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পিকার ইরানের এই নেতার জানাজার নামাজে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে শাহাদাৎ বরণ করেন।
১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক কাঠামোতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তদারকির দায়িত্ব নেন এবং পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের অ্যাসেম্বলি অভ এক্সপার্টস আয়াতুল্লাহ খামেনিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
জানাজায় অংশ নিয়ে ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
