জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে সব প্রধান জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান খুচরা মূল্যই বহাল থাকবে।
মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই মাসজুড়ে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন প্রতি লিটার ১৪৫ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ১৪১ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ৩১ মে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার পাশাপাশি কর, শুল্ক ও অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে বাংলাদেশে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে।
