জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না: ফখরুল
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে, তাই বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন হবে না। জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা তো গণতন্ত্রেই বিশ্বাস করে না।'
শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন।'
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে এলজিআরডি মন্ত্রী বলেন, 'তারেক রহমান যেদিন দেশে ফিরেছিলেন, সেদিনই তিনি বলেছিলেন তার একটা পরিকল্পনা আছে। তিনি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই কর্মযজ্ঞ শুরু করেছেন। তারেক রহমান সাহেব স্বপ্ন দেখেন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। আমরা যারা তার সঙ্গে কাজ করছি তারা দেখছি, তিনি একজন কাজপাগল মানুষ। ২৪ ঘণ্টার মধ্যে তিনি দিনরাত কাজ করেন। এই মানুষটি আজকে সমগ্র দেশে প্রতিটি ক্ষেত্রে কাজ করার জন্য হাত দিয়েছেন এবং তিনি এগিয়ে যাচ্ছেন।'
বিকেলে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী আমাদের যাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, আমরা কাজ করছি। কোনো ব্যক্তির জন্য নয়, কোনো গোষ্ঠীর জন্য নয়, সামগ্রিকভাবে কল্যাণের জন্য কাজ করছি। বাংলাদেশকে সত্যিকার অর্থে আমরা এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যে জায়গা থেকে বাংলাদেশকে দেখে বিশ্বের মানুষ বলবে এই দেশটা অনেক দূর এগিয়ে গেছে।'
সরকারের তিন মাসের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, 'বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এই সময়ের মধ্যেই বহু কাজ সরকার শুরু করেছে। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড করা হয়েছে, কৃষক কার্ড করা হয়েছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে।'
মুন্সীগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, জেলার রাস্তা, ব্রিজ ও কালভার্টসহ অবকাঠামোগত সমস্যা সমাধানে একটি বড় প্রকল্প গ্রহণ করা হবে। বিশেষ করে কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর-মোল্লারচর জরাজীর্ণ কাঠের পুলের স্থানে একটি আধুনিক সেতু নির্মাণের আশ্বাস ও নির্দেশনা দেন তিনি।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, 'মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী হবে। উভয় দেশের মর্যাদা ও স্বার্থ রক্ষা করে নতুন চুক্তি সম্পন্ন হবে এবং বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হবে।'
এর আগে সকালে মন্ত্রী গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে নবনির্মিত দ্বিতল গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন এবং কালিকাছ তলা গ্রামে 'ব্র্যাক অফিস-ইমামপুর' সড়কের প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সংসদ সদস্য আব্দুল সালাম আজাদ, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, শেখ মো. আব্দুল্লাহ্, তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার, ফাহিমা নাসরিন, মাহমুদা হাবীবা, মমতাজ আলো ও সানজিদা ইসলাম, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত প্রমুখ।
