সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান
সরকার দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি জানান, সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করার যে সংস্কৃতি আওয়ামী লীগ শুরু করেছিল, এখন বিএনপিও সেই ধারা অব্যাহত রাখছে।
আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
জামায়াত আমির বলেন, 'আমাদের মনে রাখতে হবে ২০২৪ হয়েছিল বলেই ২০২৬ সালে নির্বাচন হয়েছে। সরকার ও বিরোধী দল যদি আহত ও শহীদদের অবহেলা করেন সেটা গাদ্দারির শামিল হবে।'
তিনি বলেন, 'বর্তমান সরকারি দল গণভোটে 'হ্যা' ভোটের পক্ষে ছিল না। নীরবে তারা 'না' ভোটের ক্যাম্পেইন করেছে। জনরোষের মুখে তাদের নেতা বলতে বাধ্য হয়েছেন, আপনারা 'হ্যা' ভোট দিবেন। কিন্তু ভোটের পর সেই ফলাফল অস্বীকার করা হয়েছে।'
সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'সরকার চাঁদাবাজদের আটকাতে পারেনি। ঘুষ দুর্নীতি আগের চাইতে বেড়ে গেছে। সরকারের কথার সাথে কাজের মিল নেই। আমাদের বলে, আমরা নাকি জান্নাতের টিকেট বিক্রি করেছি। জান্নাতের টিকেট বিক্রি করে তারাই, যারা বলেছে, অমুক নেতার নাম নেয়ার আগে ওজু করতে হবে, ওমুক নেতার নাম নিলে জান্নাতি।'
নারায়ণগঞ্জে ত্বকী হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'ত্বকী হত্যার বিচার নারায়ণগঞ্জের মানুষ পায়নি। সাত খুন আর অসংখ্য লাশ ফেলা হয়েছে এখানে। যারা বলতো খেলা হবে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।'
সমাবেশ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাবেক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাওলানা আব্দুল জব্বারকে মনোনয়ন প্রদান করেন জামায়াত আমির।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
