ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 'মব' সৃষ্টি করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছ থেকে চোরাই পণ্যবোঝাই একটি গাড়ি ছাড়িয়ে নিয়েছে চোরাকারবারিরা। বুধবার (৩ জুন) বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্যদের ওপর হামলারও চেষ্টা করা হয় বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে চোরাই পণ্য এনে নয়নপুর বাজারের বিভিন্ন গুদামে মজুত করে চোরাকারবারিরা। পরবর্তীতে সুযোগ বুঝে গাড়িতে করে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। বুধবার দুপুরে কয়েকজন চোরাকারবারি একটি পিকআপ ভ্যানে করে চোরাই পণ্য পাচারের চেষ্টা করলে খবর পেয়ে বিজিবি সদস্যরা সেটি জব্দ করেন।
এ সময় চোরাকারবারিরা পণ্যগুলোকে বৈধ দাবি করে পিকআপটি ছেড়ে দেওয়ার জন্য বিজিবি সদস্যদের ওপর চাপ প্রয়োগ করতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে সেখানে আরও লোকজন জড়ো করে 'মব' সৃষ্টির চেষ্টা করে চোরাকারবারিরা। পরে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং বড় ধরনের সংঘর্ষ এড়াতে জব্দকৃত গাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি।
এ বিষয়ে জানতে চাইলে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, "চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে জব্দকৃত গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে গুলি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রক্তপাত এড়াতে আমরা অত্যন্ত ধৈর্য ধরেছি এবং বাধ্য হয়ে জব্দকৃত গাড়িটি ছেড়ে দিয়েছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। তবে এ ধরনের 'মব' সৃষ্টি করে রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
