৫-৭ দিনে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার কার্যক্রম ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দ্রুততম সময়ে তদন্ত শেষ করে সোমবার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত 'বিএসআরএফ সংলাপ'-এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দ আবদাল আহমদ। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
সাম্প্রতিক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এটি মূলত সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকটের ফল। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ থেকে সমাজ বিচ্যুত হওয়ায় এ ধরনের অপরাধ বাড়ছে। সরকার দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।"
রামিসা হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, "হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নাম উঠে আসায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে। পোস্টমর্টেম প্রতিবেদনও তদন্ত কর্মকর্তাদের হাতে এসেছে। সোমবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।"
মন্ত্রী আরও জানান, আদালতের ছুটি থাকলেও এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে।
