সমালোচনার মুখে অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করল অ্যাটকো
সমালোচনার মুখে 'অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক' সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
আজ সোমবার (১৮ মে) সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, অ্যাটকোর সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৭ মে (রোববার) সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে আর কোনো জটিলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।
এর আগে গত রোববার টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছিল অ্যাটকো। সেই নির্দেশনায় বলা হয়েছিল, কোনো টেলিভিশন চ্যানেলে কর্মরত থাকা অবস্থায় কিংবা অব্যাহতি নেওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
টেলিভিশন মালিকদের এই সংগঠনটি তাদের সদস্যভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানকে দুটি বিষয় কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছিল। প্রথমত, নতুন কর্মস্থলে যোগদানের আগে অবশ্যই বর্তমান কোম্পানি বা চ্যানেল থেকে অনাপত্তিপত্র অথবা ছাড়পত্র নিতে হবে। দ্বিতীয়ত, অনাপত্তিপত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নিলে বা যোগ দিলে ওই কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।
অ্যাটকোর এই আদেশের পর সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় টেলিভিশন মালিকদের এই সংগঠনটি এবং পূর্বের জারি করা বিতর্কিত বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয়।
