কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ, প্রতি বর্গফুটে বাড়ল ২ টাকা
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।
বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের নতুন এই দাম জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এ বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ধরা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে, ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।
ছাগলের চামড়ার ক্ষেত্রে খাসির প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ছাগলের চামড়ার এই নির্ধারিত দাম ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গার জন্যই প্রযোজ্য হবে।
চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, 'এবারও চামড়া সংরক্ষণের ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে দেবে সরকার। প্রতিটি এলাকায় ব্যবসায়ী এবং মসজিদ ও মাদ্রাসায় চামড়া সংরক্ষণ করা হবে।'
চামড়া সংরক্ষণে জনবলকে দক্ষ করে তোলার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, 'আগামী কোরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে জন্য আমরা কাজ করছি। প্রতিটি জেলা এবং উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদ্রাসার লোকদের ডেকে এনে প্রশিক্ষণ দেবেন। তারা কোরবানির পরে চামড়া সংরক্ষণ করবেন।'
