রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহত ২
রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে রফিক ও হালিম নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে রফিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং হালিমকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'রাত ১০টার দিকে তারা দুইজন মহাখালী কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় ৫-৬ জন মোটরসাইকেলে করে এসে তাদের পায়ে গুলি করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।'
তিনি আরও বলেন, 'এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় এসে অভিযোগ দেবেন। প্রাথমিকভাবে মাদক সংক্রান্ত বিরোধে তাদের গুলি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।'
