আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের—সেনা, নৌ ও বিমানবাহিনী—পর্যায়ক্রমে প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার কোয়ারি থেকে পাথর উত্তোলন বিষয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "সরকারি পর্যায়ে আমাদের একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে মাঠে রাখা যাবে না।"
তিনি বলেন, "নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি বলে বিশ্বাস করি। জনমনেও সেই আস্থা তৈরি হয়েছে।"
সালাহউদ্দিন আহমদ বলেন, "সে কারণেই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা আলোচনা করে ঠিক করবে।"
