চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের পিটুনিতে যুবক নিহত
চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর শাহাদাত (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শফি আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, রাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত শাহাদাতের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক টিবিএসকে বলেন, "ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রয়েছে।"
