২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে: সংসদে সড়কমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে জানিয়েছেন, এডিবি প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে ৪৯৬.৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে। আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস লিখিত প্রশ্নে জানতে চান, বর্তমানে ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো কী কী? কত সালের মধ্যে দেশের সব জাতীয় মহাসড়কগুলো ৬ লেনে এবং ৮ লেনে রূপান্তর করা সম্ভব হবে?
জবাবে শেখ রবিউল আলম বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় বাস্তাবায়নাধীন প্রকল্পসমূহ ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরে চলমান কোনো প্রকল্পই ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত নেই।
তিনি বলেন, ডিএমটিসিএলের আওতায় বর্তমানে ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো হলো- এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট।
সড়কমন্ত্রী আরও বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় সারা দেশে মোট মহাসড়কের দৈর্ঘ্য ২২ হাজার ৭৩৬.৫৮ কিলোমিটার। এর মধ্যে চার লেন মহাসড়ক ৮৮৩.৬১ কিলোমিটার, ছয় লেন মহাসড়ক ১০ হাজার ৪৮৮ কিলোমিটার এবং আট লেন মহাসড়কের দৈর্ঘ্য ১৭.৩৪ কিলোমিটার।
