ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রদলের ‘দেয়াল লিখন’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রদলের 'প্রতিবাদী দেয়াল লিখন' কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে হল সংসদের এক নেতার বিরুদ্ধে। এ সময় ছবি তোলার সময় ছাত্রদল কর্মীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগও পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক তারেক রহমান শাকিব, যিনি ছাত্রশিবিরের সমর্থনে হল সংসদে নির্বাচিত হয়েছিলেন।
আজ বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় হলের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হলে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ঘটনার বিবরণ দিয়ে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, "আমাদের হলের বাইরের দেয়াল পরিষ্কার থাকায় সেখানে কিছু লেখা নিষেধ। সেজন্য যেসব জায়গায় রং করা হয়নি বা দেয়াল অপরিষ্কার, সেখানেই আমরা দেয়াল লিখন কর্মসূচি করছিলাম।"
তিনি আরও বলেন, "আমাদের ছেলেরা হল সংসদের কক্ষের সামনে দেয়াল লিখনের পর ছবি তুলছিল। এ সময় হল সংসদের পাঠকক্ষ সম্পাদক শাকিব আমাদের ছেলেদের গালিগালাজ করে এবং কে দেয়াল লিখেছে তা জানতে চায়। একপর্যায়ে ছবি তোলার সময় বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার নীড়ের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে শাকিব।"
তবে বাধা দেওয়ার ঘটনা স্বীকার করলেও ফোন কেড়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তারেক রহমান শাকিব। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমি হল সংসদে যাচ্ছিলাম। সেখানে একজন জুনিয়র 'গুপ্ত' শব্দটা লিখছিল। হলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যেন সহিংসতা না ছড়ায়, সেজন্য আমি লিখতে মানা করেছি। ফোন কেড়ে নেওয়ার অভিযোগ স্রেফ অপবাদ।"
এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমার কাছে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচিতে হল সংসদের একজন প্রতিনিধি বাধা দিতে গিয়েছিলেন বলে শুনেছি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়, তবে সব পক্ষই ধৈর্য দেখিয়েছে।"
