‘ফ্যাসিস্ট আমলের’ সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেবে সরকার; সংসদে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলারকে অপসারণ করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে একটি অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
এর আগে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে বলেন, ফ্যাসিস্ট সরকার আমলে নিয়োগ পাওয়া সার ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে।
চিফ হুইপ দ্রুত এসব ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের আহ্বান জানান, যাতে কৃষকরা ন্যায্য দামে সার পেতে পারেন।
তার বক্তব্যে সংসদের বিভিন্ন সদস্য টেবিল চাপড়ে সমর্থন জানান।
জবাবে সংসদ নেতা বলেন, এ প্রস্তাবে পুরো সংসদের সমর্থন রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, 'যদি পুরো সংসদের ঐকমত্য থাকে, তাহলে সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।'
তিনি বলেন, 'দেশের কৃষি খাতকে উন্নয়নে তার সরকার সময়োপযোগী নানা পরিকল্পনা গ্রহণ করেছে।'
তিনি বলেন, 'বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, জমির পরিমাণ কমে যাওয়া এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কৃষি খাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।'
টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়ালের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং কৃষিকে টেকসই ও লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার ১৪ এপ্রিল 'কৃষক কার্ড' চালু করেছে।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'এই কার্ডের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছে প্রণোদনা পৌঁছে দেওয়া যাবে। এতে কৃষকদের আর দূরে যেতে হবে না এবং সরকারের কাছেও তাদের জমি ও প্রয়োজন সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকবে।'
তিনি আরও বলেন, 'কৃষকরা নির্ধারিত স্থানীয় দোকান থেকে বরাদ্দকৃত সার, বীজ, কীটনাশকসহ অন্যান্য উপকরণ সংগ্রহ করতে পারবেন।'
