দেড় মাসের শিশুসহ কারামুক্ত হলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা এক মামলায় দেড় মাসের শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারামুক্ত হয়েছেন।
আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা ৫৩ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগমকে কারাগারে পাঠানো হয়। এ সময় শিল্পী বেগমের সঙ্গে থাকা ১ মাস ১৬ দিন বয়সী শিশু সন্তানকেও যেতে হয় কারাগারে।
তবে দেড় মাসের শিশুসন্তানসহ কারাগারে পাঠানোর আদেশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান শিল্পী বেগম।
মঙ্গলবার রাতে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
শিল্পী বেগম ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের ২৬ নম্বর ওয়ার্ডের রাজনীতির সঙ্গে যুক্ত।
এর আগে, গত ২০ এপ্রিল রাতে গোপন তথ্যের ভিত্তিতে শিল্পী বেগমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুলের ওপর হামলার পর তার বাসায় হামলা ও ৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়।
ওই ঘটনায় গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগীর মা শাহনূর খানম নামে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জন এবং অজ্ঞাত ১২০/৩০ জনের নামে মামলা করেন।
