চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস
প্রতিদিনই চুয়াডাঙ্গায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সূর্যের প্রখরতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। মাঝারি তাপপ্রবাহ চলমান রয়েছে। একদিনের ব্যবধানে ১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক বলেন, 'টানা দুইদিন জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অতিরিক্ত গরমের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে। প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে।'
তিনি বলেন, 'শুক্রবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৩১ শতাংশ। বৃহস্পতিবার দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় মৌসুমের।'
তিনি আরও বলেন, 'তিন দিনেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। গরমে সাধারণ মানুষদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়াই ভালো।'
মাঝারি তাপদাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। গরম থেকে মানুষ বাঁচতে ছায়াশীতল স্থানে বসে বিশ্রাম নিচ্ছে।
