গাজীপুরে ‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৩৪ হাজার লিটার জ্বালানি, পাম্প সিলগালা
'পাম্পে তেল নেই' লিখে বিক্রি বন্ধ রেখেছিল গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর 'মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন'। তবে অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি (ডিজেল ও অকটেন) তেল জব্দ করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। পাশাপাশি পাম্পের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাম্পটিকে সিলগালা করে দেয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআই, পুলিশ ও বিজিবি সদস্যরা সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাম্পটিতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি বন্ধ রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে পাম্পের মজুদ থেকে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেনসহ মোট প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগের সত্যতা মেলায় পাম্পের ম্যানেজার আবুল কাশেম বাবুলকে (৬০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযান শেষে ফিলিং স্টেশনটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান জানান, জব্দকৃত তেল ৩১ মার্চ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
