জামালপুরে ভাসমান সেতু ভেঙে পড়ে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জে শনিবার (২১ মার্চ) বিকেলে ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত ভাসমান সেতু ভেঙে পড়ে চার শিশু ডুবে মারা গেছে।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পাঁচজনকে উদ্ধার করা হয়েছে, চারজনের মৃত্যু হয়েছে।'
নিহতরা হলো- ঝালোরচর এলাকার খাদিজা (১২) ও তার ভাই আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়া পাড়া এলাকার মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।
স্থানীয়রা জানায়, যাতায়াত ও বিনোদনের উদ্দেশ্যে ড্রাম দিয়ে এই ভাসমান সেতুটি তৈরি করা হয়েছিল। ঈদের দিন সেতুর ওপর প্রচুর মানুষ সমবেত হয়।
প্রায় বিকেল ৪টার দিকে অতিরিক্ত চাপের কারণে সেতুটি ভেঙে পড়ে। এসময় সেতুতে থাকা সবাই নদীতে পড়ে যায়। বেশিরভাগ মানুষ সাঁতার কেটে তীরে উঠতে পারলেও, কয়েকজন নিখোঁজ হয়।
