ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জারিকৃত নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য এবং এনসিপির নেতাকর্মীরা তিন দফা দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন করেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউস্থ সংসদ ভবনের প্রবেশপথের সামনে এই কর্মসূচি শুরু হয়। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের মূল দাবিগুলো হলো—সংবিধান সংস্কার পরিষদের শপথের অধীনে গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতির অপসারণ এবং জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা।
এর আগে গতকাল বুধবার (১১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সংসদ ভবন ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মসূচিতে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারোয়ার তুষার ও মনিরা শারমিনসহ শহীদ পরিবারের সদস্য এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণভাবে সংসদ ভবনের সামনে জড়ো হয়ে তাদের দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ বিষয়ে কথা বলতে টিবিএস-এর পক্ষ থেকে ডিএমপি কমিশনার মো. সারোয়ার এবং ডিএমপি উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমানের সঙ্গে ফোন ও খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকার কথা। এছাড়া ওই এলাকায় অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও এনসিপি এবং শহীদ পরিবারের সদস্যরা আজ সকাল থেকে সংসদ ভবনের সামনে অবস্থান গ্রহণ করেন।
